23/06/2026
শুভ সকাল ট্রাভেলার্স!
বাংলাদেশ #ট্যুরিজম_ডেস্টিনেশন নিয়ে কিছু বলে যাও!
প্রতিবার যখন দেখি কোনো না কোনো কারণে পার্বত্য অঞ্চলের পর্যটন কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে, তখন একজন ভ্রমণপ্রেমী হিসেবে কষ্ট লাগে, আবার একজন বাংলাদেশি হিসেবে লজ্জাও লাগে।
আমরা নতুন নতুন পর্যটন গন্তব্যের স্বপ্ন দেখি, আন্তর্জাতিক পর্যটক আনার পরিকল্পনা করি, কোটি কোটি টাকার মাস্টারপ্ল্যান বানাই। কিন্তু প্রশ্ন হলো— এতদিনেও যদি আমাদের বিদ্যমান ডেস্টিনেশনগুলো নিরাপদ, স্থিতিশীল এবং পর্যটকবান্ধব রাখতে না পারি, তাহলে নতুন কিছু নিয়ে এগোনোর কথা বলি কীভাবে?
এই ব্যর্থতার দায় কেউ কোনোদিন স্বীকার করে না। কিন্তু আমি এটাকে শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখি না; আমি এটাকে পরিকল্পনার পরাজয়, উদাসীনতার ফল এবং দীর্ঘমেয়াদি ট্রেনিং ও সম্পর্ক উন্নয়নের ঘাটতি হিসেবে দেখি।
পৃথিবীর নানা প্রান্তে মানুষ সিকিমের দুর্গম গোয়েচালা ট্রেক করে, কৈলাস পরিক্রমা সম্পন্ন করে,কিলমানজারো, নেপাল-ভুটানের দুর্গম পাহাড়ে ঘুরে বেড়ায়। অথচ আমাদের দেশে মাত্র তিনটি পার্বত্য জেলা, আর সেই অঞ্চলগুলোর সাথে স্বাভাবিক যোগাযোগ ও আস্থার সম্পর্ক আমরা বারবার ধরে রাখতে ব্যর্থ হই।
পর্যটন শুধু রাস্তা, রিসোর্ট আর ফেসবুক প্রচারণার নাম নয়। পর্যটন হলো স্থানীয় জনগোষ্ঠীর সাথে আস্থা, সম্প্রীতি এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরির পথ।
বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি— এগুলো শুধু ভ্রমণ গন্তব্য নয়, বাংলাদেশের পর্যটন শিল্পের হৃদস্পন্দন। সেই হৃদস্পন্দন যদি বারবার থেমে যায়, তাহলে নতুন ডেস্টিনেশন নিয়ে স্বপ্ন দেখানোর আগে পুরোনোগুলোকে টিকিয়ে রাখার উত্তরটা আমাদের দিতে হবে।
ট্যুরিজমের সবচেয়ে বড় শত্রু পাহাড় না, দূরত্ব না, অবকাঠামোও না। সবচেয়ে বড় শত্রু হলো অনিশ্চয়তা।