27/07/2026
"ভাই, একটু সাহায্য করবেন?"
রাত তখন প্রায় সাড়ে এগারোটা।
হঠাৎ ফোন বেজে উঠল।
ওপাশ থেকে কাঁপা কণ্ঠে একজন বললেন,
— "ভাইজান, চিনতে পারছেন? কয়েকদিন আগে আপনার কাছ থেকে উমরাহ প্যাকেজ নিয়েছিলাম... না, শেষ পর্যন্ত আপনার কাছ থেকে নেইনি। অন্য এজেন্সি থেকে কম দামে নিয়েছিলাম। এখন মক্কায় এসে খুব বিপদে পড়েছি। প্লিজ, একটু সাহায্য করবেন?"
এই ফোনটা আমার কাছে নতুন নয়।
গত কয়েক মাসে এমন চার-পাঁচটি পরিবারের ফোন এসেছে। কেউ হোটেলে গিয়ে দেখেছেন বুকিংয়ের মান প্রতিশ্রুতির সঙ্গে মিলছে না। কেউ এজেন্সির কাউকে খুঁজে পাচ্ছেন না। কারও ফোন বন্ধ, কারও কোনো প্রতিনিধি নেই। অসহায় হয়ে শেষ পর্যন্ত ফোন করেছেন সেই মানুষটিকেই, যাকে কয়েক হাজার টাকা বেশি মনে করে বাদ দিয়েছিলেন।
কিছুদিন আগে এক পরিচিত ভাই তাঁর পরিবারের জন্য আমার কাছে কাস্টমাইজড উমরাহ প্যাকেজ চাইলেন। তাঁর চাহিদা অনুযায়ী ফ্লাইট, হোটেল, ট্রান্সপোর্ট, জিয়ারত—সবকিছু সাজিয়ে দিলাম। এমনকি ভবিষ্যতে কোনো ঝামেলায় না পড়েন, তাই কিছু অতিরিক্ত প্রয়োজনীয় সার্ভিসও যুক্ত করার পরামর্শ দিলাম।
সবকিছু দেখে তিনি সন্তুষ্ট।
কিন্তু যখন চূড়ান্ত মূল্য বললাম—৪ লাখ ২০ হাজার টাকা, তখনই বললেন,
— "অমুক এজেন্সি তো ৪ লাখ ৫ হাজার টাকায় দিচ্ছে!"
এরপর আর কিছু বলিনি।
কারণ অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে—যে মানুষ শুধুই দামের তুলনা করেন, তিনি তখনও সার্ভিসের মূল্য বোঝেন না।
কয়েকদিন পর সত্যিই সেই ভাইয়ের ফোন এলো মক্কা থেকে।
হোটেলের মান এতটাই নিম্নমানের যে পরিবার নিয়ে সেখানে থাকা সম্ভব হচ্ছে না। সাহায্য চাইছেন—যদিও তাঁর এজেন্সির দায়িত্ব ছিল পাশে থাকার।
আজও এমনই একটি ঘটনা ঘটল।
একজন ভাইকে আমি হজের ৬ লাখ ৯০ হাজার টাকার একটি প্যাকেজ দিলাম। যেখানে আমার নিজের খরচই ৬ লাখ ৭৩ হাজার টাকা। অর্থাৎ খুবই সীমিত লাভ রেখে মূল্য নির্ধারণ করেছি।
কিন্তু তিনি জানালেন, অন্য একটি এজেন্সি একই প্যাকেজ ৬ লাখ ৩০ হাজার টাকায় দিচ্ছে।
আমি শুধু মনে মনে ভাবলাম—আল্লাহ করুন, তিনি যেন নিরাপদে সফর শেষ করতে পারেন। কারণ যদি বাস্তবতা আগের ঘটনাগুলোর মতো হয়, তাহলে হয়তো কয়েকদিন পর আবার সেই পরিচিত ফোনটা আসবে—
"ভাইজান... একটু সাহায্য করবেন?"
আমি কখনো বলছি না, সব কম দামের প্যাকেজ খারাপ।
আবার সব বেশি দামের প্যাকেজও ভালো—এমন দাবিও করছি না।
তবে একটি বিষয় মনে রাখা জরুরি—উমরাহ কোনো সাধারণ ভ্রমণ নয়। এটি আল্লাহর ঘরে যাওয়ার সফর। এখানে শুধু টাকার অঙ্ক নয়; নির্ভরযোগ্যতা, দায়িত্বশীলতা, সঠিক গাইডলাইন, মানসম্মত হোটেল, জরুরি মুহূর্তে পাশে থাকা এবং সফরজুড়ে নিরবচ্ছিন্ন সাপোর্ট—এসবেরও একটি মূল্য আছে।
শুধু কয়েক হাজার টাকা বাঁচাতে গিয়ে যদি পুরো সফরের স্বস্তি, নিরাপত্তা ও ইবাদতের প্রশান্তি হারিয়ে যায়, তাহলে সেই সাশ্রয় কি সত্যিই সাশ্রয়?
উমরাহ প্যাকেজ বেছে নেওয়ার আগে শুধু মূল্য নয়; এজেন্সির দায়িত্ববোধ, সেবার মান, অভিজ্ঞতা এবং বিশ্বাসযোগ্যতাও যাচাই করুন। আর সম্ভব হলে পরিচিত, আপনজন বা বিশ্বস্ত মানুষের পরামর্শ ছাড়া কোনো মুয়াল্লিম বা এজেন্সির হাতে নিজেকে তুলে দেবেন না। একজন পরিচিত ও বিশ্বস্ত মুয়াল্লিমের মাধ্যমেই উমরাহ সফরে যাওয়ার চেষ্টা করুন। কারণ বিদেশের মাটিতে বিপদে পড়লে তখন সবচেয়ে বড় ভরসা হয় সেই মানুষটি, যিনি আপনার ফোন ধরবেন, আপনার পাশে দাঁড়াবেন এবং আন্তরিকতার সঙ্গে সমস্যার সমাধানে এগিয়ে আসবেন।
কারণ উমরাহর সফরে সবচেয়ে বড় স্বস্তি হলো—প্রয়োজনে ফোন করলে ওপাশ থেকে কেউ একজন বলবে, "চিন্তা করবেন না, আমরা আছি।"
✍️গাজী আশিক