15/08/2026
জাবালে আবু কুবাইস: মক্কার প্রাচীন ইতিহাস
মসজিদুল হারামের একেবারে পাশেই যে পাহাড়টি দাঁড়িয়ে আছে, সেটিই জাবাল আবু কুবাইস। কাবার এত কাছে থেকেও হয়তো আমরা প্রতিদিন তার দিকে সেভাবে খেয়াল করি না। অথচ এই পাহাড়ের সঙ্গে জড়িয়ে আছে মক্কার ইতিহাসের বহু পুরোনো কিছু বর্ণনা।
হাজরে আসওয়াদকে ঘিরে আবু কুবাইসের সঙ্গে সবচেয়ে পরিচিত বর্ণনাগুলোর একটি হলো, নূহ (আলাইহিস সালাম)-এর সময়ের সেই ভয়াবহ বন্যার সময়, যখন মক্কা ও কাবা পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন হাজরে আসওয়াদকে আবু কুবাইস পাহাড়ে নিরাপদে রাখা হয়েছিল।
এরপর ইবরাহিম (আলাইহিস সালাম) যখন কাবা তার পুরোনো ভিত্তির ওপর পুনর্নির্মাণ করছিলেন, তখন তাঁকে সেই পাথরের অবস্থান দেখিয়ে দেওয়া হয়। তাঁকে জানানো হয়, এটি জান্নাত থেকে অবতীর্ণ একটি পাথর এবং কাবায় কোথায় তা স্থাপন করতে হবে।
আবার অন্য একটি বর্ণনায় এসেছে, বন্যার সময় জিবরাইল (আলাইহিস সালাম) হাজরে আসওয়াদকে তুলে নিয়ে আবু কুবাইস পাহাড়ে নিরাপদে রেখে দিয়েছিলেন। পরে ইবরাহিম (আলাইহিস সালাম) যখন কাবা পুনর্নির্মাণের দায়িত্ব পেলেন, তখন জিবরাইল (আলাইহিস সালাম) এসে তাঁকে সেই পাথরের অবস্থান দেখিয়ে দেন।
দুটি বর্ণনাকে একসঙ্গে দেখলে বিষয়টি এভাবেও বোঝা যায়; বন্যার সময় জিবরাইল (আলাইহিস সালাম) হাজরে আসওয়াদকে কাবা থেকে তুলে আবু কুবাইসের মধ্যে নিরাপদে রেখে দিয়েছিলেন। আর বহু বছর পর ইবরাহিম (আলাইহিস সালাম) কাবা পুনর্নির্মাণের সময় জিবরাইল (আলাইহিস সালাম) তাঁকে সেই পাথরের অবস্থান দেখিয়ে দেন।
এই কারণেই আবু কুবাইসকে ‘আল-আমিন’, বিশ্বস্ত বা রক্ষাকারী নামেও উল্লেখ করা হয়েছে বলে বর্ণনা পাওয়া যায়। কাবার দিকে থাকা পাহাড়টির পশ্চিম পাশের দেয়ালকে বলা হতো ‘ফাদিহ’। মক্কার লোকেরা সেই অংশটিকে বিশেষভাবে চিনত।
আর ‘আবু কুবাইস’ নামটিও এসেছে একটি প্রাচীন বর্ণনা থেকে। বলা হয়, প্রাক-ইসলামি যুগে কুবাইস নামে একজন ব্যক্তি প্রথম এই পাহাড়ে ঘর নির্মাণ করেছিলেন। তাঁর নামেই পাহাড়টির নাম হয় আবু কুবাইস।
আবু কুবাইসকে ঘিরে আরও কিছু ঐতিহাসিক বর্ণনা রয়েছে। আত-তাবারির একটি বর্ণনা অনুযায়ী, আদম (আলাইহিস সালাম) এই পাহাড়ের পাদদেশে ইন্তেকাল করেন এবং সেখানেই তাঁকে দাফন করা হয়।
আবার প্রচলিত একটি বর্ণনায় বলা হয়, এই পাহাড়ের চূড়া থেকেই রাসূলুল্লাহ ﷺ চাঁদের দিকে ইশারা করেছিলেন এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সহিহ হাদিসে প্রমাণিত; তবে সেটি আবু কুবাইসের চূড়ায় ঘটেছিল এই নির্দিষ্ট বিষয়টি ঐতিহাসিক বর্ণনা হিসেবে উল্লেখ করা হয়।
এই পাহাড় মক্কার ইতিহাসের আরও একটি কঠিন সময়ের সাক্ষী।
৬৯১ খ্রিস্টাব্দে মক্কা অবরোধের সময় উমাইয়া গভর্নর হাজ্জাজ ইবনু ইউসুফ আবু কুবাইসের ওপর থেকে কাবার দিকে মঞ্জনীক দিয়ে গোলা নিক্ষেপ করেছিলেন। সেই অবরোধের পর আবদুল্লাহ ইবনু যুবাইর (রাযিয়াল্লাহু আনহু) নিহত হন।
এরও বহু পরে, খলিফা হারুনুর রশিদের সময়ে আবদুল্লাহ ইবনু মালিক আল-খুযাঈ আবু কুবাইসসহ মক্কার কয়েকটি পাহাড়ে মিনার নির্মাণ করেছিলেন। কারণ উপত্যকার কিছু মানুষ দূরে থাকার কারণে আজানের আওয়াজ শুনতে পেতেন না।
আজ আবু কুবাইসের চূড়ায় রয়েছে একটি রাজপ্রাসাদ।
কাবার একেবারে পাশে দাঁড়িয়ে থাকা এই পাহাড়টির সঙ্গে জড়িয়ে আছে হাজরে আসওয়াদের বর্ণনা, নবীদের স্মৃতি, কাবার ইতিহাস, মক্কার অবরোধ এবং বহু শতাব্দীর পরিবর্তনের গল্প।
আবু কুবাইস, মক্কার ইতিহাসের এক সাক্ষী। মক্কার সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ পাহাড়গুলোর একটি। আজ পাহাড়ের অধিকাংশ অংশ আর আগের মতো নেই। এর চূড়ায় রাজকীয় প্রাসাদ নির্মাণের ফলে এখন কেবল অবশিষ্ট অংশটাই চোখে পড়ে।
#হজ্জ
#ওমরাহ