08/03/2025
জুলহাসের প্লেন তৈরির স্বপ্ন পূরণ করতে চায় ইউএস-বাংলা
মানিকগঞ্জের জুলহাস মোল্লার তৈরি উড়োজাহাজ দেশজুড়ে আলোড়ন তুলেছে। তার গবেষণা ও উন্নয়নের কাজে সহযোগিতার হাত বাড়াতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স। জুলহাসকে বিমান তৈরির ব্যয়সহ সব লজিস্টিক ও টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার প্রস্তাব দিয়েছে বেসরকারি এ এয়ারলাইন্সটি। আজ বৃহস্পতিবার ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ কামরুল ইসলাম বলেন, জুলহাসের গবেষণাকে এগিয়ে নিতে তার উড়োজাহাজ নির্মাণে প্রয়োজনীয় সব আর্থিক ও কারিগরি সহায়তা দিতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স। গবেষণা বা প্রশিক্ষণের জন্য যদি তার বিদেশে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে ইউএস-বাংলা তাকে সম্পূর্ণ সহযোগিতা করতে চায়। আজ ইউএস-বাংলা এয়ারলাইন্সের উত্তরা কার্যালয়ে আসেন জুলহাস। এসময় তিনি ইউএস-বাংলার প্রস্তাব শোনেন। ইউএস-বাংলার সঙ্গে কীভাবে এক হয়ে কাজ করতে পারেন সেবিষয়ে পরিবারের সঙ্গে কথা বলবেন জুলহাস। তারপর সিদ্ধান্ত জানাবেন।