01/02/2024
পাহাড়ে হোম স্টেঃ
পাহাড় যত সুন্দর এবং বৈচিত্রময়, এখানকার মানুষদের জীবনও ততই নান্দনিক এবং বৈচিত্রপূর্ন। যারা পাহাড়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন তাদের অনেকেরই পাহাড়ের মানুষদের সাথে মেশার সুযোগ হয় না বলে এই দিকটা সম্মন্ধে জানতে পারেন না তেমন একটা, যতটা তারা নানান ঝর্না, ঝিরি পথ, পাহাড় চূড়া বা মুখরোচক জনপ্রিয় স্থানগুলো সম্মন্ধে জানতে পারেন। কিন্তু তারা ভাগ্যবান যারা এসব রিমোট অঞ্ছলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে মেশার সুযোগ পান। স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবন ব্যবস্থা শহরের শিক্ষিত জনসাধারনকে শুধু যে মুগ্ধ করে কেবল তা ই নয়, তারা পদে পদে অবাক হন, রোমাঞ্চিত হন।
এখানে মানুষদের বেচে থাকা শহরের বাসিন্দাদের থেকেও হয়তো আরো বেশি বৈচিত্রময়, শ্রম নির্ভর, চ্যালেঞ্জিং অথবা ঝুকিপূর্ন। রয়েছে অনে্ক ধরনের অভাব অনটন। এখানেও রয়েছে ভিন্ন ভিন্ন ধর্ম, জাতিভেদ এবং ধর্মীয় এবং সামাজিক রীতিনীতি এবং আচার কিন্তু তাদের সততা, সহজ-সরল মানুষিকতা, সার্বজনিন সমাজ ব্যবস্থা, সামাজিক ঐক্য, দায়িত্ববোধ এবং সর্বোপরি প্রকৃতি নির্ভর সাধারন সুখী জীবন, পুঁজিবাদী সমাজে বসবাস করা মানুষদের হত বিহবল করে দিতে পারে। জনপ্রিয় পর্যটন স্থানগুলোতে গেলে এই সমাজ ব্যবস্থা দেখার সুযোগ আসলে হয় না, যেখানে একটি কমার্শিয়াল পরিবেশ তৈরি হয়ে গেছে আর স্থানীয় বাসিন্দারাও শহুরের আধুনিক মানুষদের সাথে একটু দুরত্ব রেখেই চলতে পছন্দ করেন আর এটা হয়তো পৃথিবীর সকল প্রান্তের সকল মানুষদের জন্যই স্বাভাবিক একটি বিষয়।
আমরা যেখানেই যাই, সেখানকার জনপ্রিয় পর্যটন আকর্ষনের বাইরে এমন পাড়া বা গ্রাম সক্রিয় ভাবে খুজে বের করার চেষ্টা করি যেখানে স্থানীয় বাসিন্দাদের কৃষ্টি এবং সংস্ক্তি এখনো শত শত বছরের পুরনো, আধুনিক অন্ত-মুখি সমাজ ব্যবস্থা এখনও পৌছায়নি। এভাবে খুজতে খুজতেই করোনার মাঝে একবার লকডাউন উঠে যাওয়ার পরে বান্দরবনের গভীরে মায়ানমার বর্ডারের কাছে, উচু পাহাড়ের চূড়ায় এমন একটি গ্রামের সন্ধান মেলে যে পাড়ার সামনে এবং পেছনে দু-দিকেই রয়েছে গভীর এবং বিস্তৃত ভ্যালী এবং ঘন জংগল। পাড়াটি দেখতে যেমন সুন্দর এখানকার মানুষগুলিও ঠেক তেমনই সরল সুন্দর।
দীর্ঘ্য প্রায় দের বছর বান্দরবনে ট্রেকিং নিষিদ্ধ থাকার পরে, আবার যখন স্বাভাবিক হলো, আমরা আর দেরি করতে পারিনি, চলে গিয়েছিলাম সেই পাড়ায়, গভীর অরন্যে, সরল সুন্দর প্রকৃতি এবং সেখানে বসবাস করা মানুষদের সান্যিধ্য লাভ করতে। তারই কিছু মুহুর্ত ক্যামেরার লেন্সে ধরে রাখার চেষ্টা।