12/05/2024
উত্তর মেরুর ম্যারাথন এক সাথে অনেকগুলো বিচিত্র রেকর্ডের অধিকারী, প্রথমে এটি বিশ্বের একমাত্র ম্যারাথন যা অনুষ্ঠিত হয় জলের উপরে! জি, ঠিকই পড়েছেন! উত্তর মহাসাগরের উপর জমাট বাঁধা বরফপিণ্ডের উপরে আয়োজিত হত সম্পূর্ণ দৌড়, পায়ের নিচে প্রায়ই নড়ে ওঠে বরফের চাই, তার মাঝে দোদুল্যমান হয়ে মুক্তকচ্ছ হয়ে দৌড়াতে থাকেন অংশগ্রহণকারীরা!
সেই সাথে এটি বিশ্বের উত্তরতম ম্যারাথন, সুমেরুবিন্দু থেকে মাত্র ৫০ কিলোমিটার দক্ষিণে ( সুমের বিন্দু থেকে সব দিকই দক্ষিণ, আজব দুনিয়া! ) ক্যাম্প বার্নেও নামের এক অস্থায়ী আস্তানায় হয় পুরো ম্যারাথনটি।
এই বিশেষ ম্যারাথনটিকেই বলা হয় বিশ্বের শীতলতম ম্যারাথন, Coolest Marathon, ভরা গ্রীষ্মে এর আয়োজন করা হলেও তখনো তাপমাত্রা থাকে হিমাঙ্কের ৩০ থেকে ৪০ ডিগ্রী সেলসিয়াস নিচে! কিন্তু সেই সাথে চারপাশের হাজার মাইলের বিস্তীর্ণ তেপান্তরের ধু ধু শূন্যতার কারণে এই তাপমাত্রায় অনুভূত হয় প্রায় মাইনাস ৭০ ডিগ্রীর মত!
সেই সাথে কষ্ট চেপে বলতে বাধ্য হচ্ছি ইহা বিশ্বের ব্যয়বহুলতম ম্যারাথন, ফি বছর এর খরচ বাড়তেই থাকে, উৎসাহীরা উপরের লিঙ্কেই যাবতীয় তথ্য পাবেন।
সেই সাথে এটিকে বিশ্বের অন্যতম কঠিন এবং ঝুঁকিপূর্ণ ম্যারাথন বলা হয় সবসময়ই, হয়ত বা এভারেস্ট বেস ক্যাম্পের ম্যারাথনের মত প্রচণ্ড শারীরিক পরিশ্রমের নয় এটি, কিন্তু প্রবল ঠাণ্ডার কারণে সমুদ্রপৃষ্ঠে দৌড়ানোও অনেক অনেক কঠিন হয়ে যায়, সেই সাথে আছে ফাটল সৃষ্টির ঝুঁকি, যা পা আটকা পড়ল অবস্থা হবে ত্রাহি মধুসূদন!
এত কিছুর পরও আরেক জায়গায় এর আকর্ষণ অনন্য ম্যারাথন দুনিয়াতে, সেটি হচ্ছে ম্যারাথন গ্র্যান্ডস্ল্যাম, যেটি পেতে হলে সাতটি মহাদেশের প্রতিটিতে অন্তত একটি করে ম্যারাথন করা থাকতেই হবে সেই সাথে কোন মহাদেশে অন্তর্ভুক্ত নয় বিধায় জমাট বাঁধা সুমেরুর উপরের প্রতিযোগিতাটিতেও অংশগ্রহণ করতে হবে, এই আটটি ম্যারাথন করতে পারলেই আপনি গ্র্যান্ডস্ল্যামধারী একজন এলিট ম্যারাথনার!
কাজের কথায় আসি, জীবনে কোন দিন ম্যারাথন দৌড়ায়নি আমি বা ইনাম ভাই, তাহলে এখানে কেন? এটি উত্তর মেরুর অভিযান নিয়ে লেখায় বিস্তারিত বলেছি, এখানে এক বাক্যে বলি- কেবলমাত্র উত্তরমেরু যাবার জন্যই ম্যারাথন নামের উপদ্রবটি সহ্য করতে রাজি হয়েছিলাম। কিন্তু মুশকিল হয়েছিল এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যেরকম শারীরিক সক্ষমতার প্রয়োজন তা আয়ত্তে আনার জন্য দরকার প্রচুর প্রচুর অনুশীলনের, যার জন্য দরকার অঢেল সময় ! কিন্তু সময় কোথায়! একগাদা টাকা ঋণ করে ম্যারাথনের ফি পাঠিয়েছি, এখন সেই টাকা শোধের জন্য দিন-রাত ভুলে কামলা দিয়ে যাচ্ছি, দুটো- তিনটে কাজে মাঝে মাঝে একসাথে করতে হয়েছে স্কুল বাদ দিয়ে, বিশেষ করে গাড়ী করে বাড়ি বাড়ি খাবার ডেলিভারি করতে হয়েছে মাসের পর মাস , এর মাঝে ম্যারাথন প্রস্তুতির সময় কখন! তারপরও ১২ ঘণ্টার কাজ শেষে মাঝে মাঝেই শীতের রাতে আট থেকে দশ কিলোমিটারের একটা দুলকি চালে দৌড় শেষ করে ফেলতাম পায়ের পেশীগুলোকে কষ্ট দিয়ে, আসন্ন দিনের কথা ভেবে।
যাক, অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে বিশেষ ধরনের আন্তঃনভ বিমানে চেপে আমরা অবতরণ করলাম আইস ক্যাম্প বার্নেও তে , সারি সারি তাবু যেন উঠে এসেছে জুল ভার্ণের কোন অ্যাডভেঞ্চারের বর্ণনা থেকে, তারই একটাই ব্যাকপ্যাক রেখে দেশের পতাকা উড়িয়ে আমরা প্রস্তুত হতে থাকলাম শীতলতম ম্যারাথনের জন্য।
সেইবার ২২ দেশের প্রায় অর্ধশত ম্যারাথনার এসেছিল, মানে সত্যি সত্যি ম্যারাথনার, আমাদের মত চামে মেরু যাবার জন্য দুধ-ভাত ম্যারাথনার নহে! সত্যি কথা বলতে সেটি ছিল সম্পূর্ণ এক ভিন্ন জগত, তাদের সাথে কয়েক ঘণ্টা থেকে ম্যারাথন সম্পর্কে যে জ্ঞান লাভ হল, তাতে বোঝা গেল এটি কোন অংশেই ফুটবলের যেতে কম জনপ্রিয় তো নয়ই, বরং এখানের অনেকের জীবনে এটি বাদে অন্য কোন ক্রীড়ার প্রবেশাধিকার নেই। তাদের সবাইই দেখলাম আসন্ন দৌড়ের জন্য উত্তেজনায় টগবগ করছে, এবং সুমেরু নিয়ে তাদের কোনই মাথা ব্যাথা নেই! সম্পূর্ণ মনোযোগ কেবলমাত্র ম্যারাথন নিয়েই, মেরু যেন বোনাস কিছু একটা! যা ছিল আমাদের সম্পূর্ণ বিপরীত, যেহেতু ম্যারাথনটা ছিল আমাদের জন্য না চাওয়া বোনাস!
দৌড়ের আগে মেরু ম্যারাথনের উদ্যোক্তা আইরিশ রিচার্ড ডোনোভ্যান ( যার নামের পিছনে বেশ কটি গিনেজ রেকর্ড আছে যেমন প্রথম মানুষ হিসেবে সুমেরু এবং কুমেরুতে ম্যারাথন সম্পন্ন করা, সেই সাথে সবচেয়ে কম সময়ে, অবিশ্বাস্য সাত দিনেরও কমে সাত মহাদেশে ম্যারাথন দৌড়ানো !) নিয়ম বলে দিলেন, প্রতিযোগিতায় যত বার ইচ্ছে বিরতি নেওয়া যাবে, তাবুর উষ্ণতায়, ধূমায়িত কফির মাধ্যমে নিজেকে চাঙ্গা করে নেবার সুযোগ থাকছে ইচ্ছে মত, এমনকি চাইলে ঘুমানোও যেতে পারে ক্লান্তি জেঁকে ধরলে, ২০০৬ সালের প্রতিযোগিতায় কে যেন ঘুমিয়েও ছিল কয় ঘণ্টা! আর ২৪ ঘণ্টার মধ্যে এই ৪২ কিমি অতিক্রম করলেই হবে, ব্যস্ততার কিছু নেই!
সেই সাথে আয়োজকদের পক্ষ থেকে তুষারজুতা দেওয়া হবে আগ্রহীদের। ব্যক্তিগত অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না সেই বেঢপ তুষার জুতা নিয়ে, তাই ভেটো দিলাম সেগুলোর ব্যবহারে। সেই ফাঁকেই ইনাম ভাইয়ের সাথে আলাপ সেরে নিলাম ম্যারাথন নিয়ে, উনিই বললেন যেহেতু আমরা অংশ নিতে এসেছি মূলত মেরু যাবার জন্য সামর্থ্য মত আস্তে আস্তে দৌড়াব ( দুইজনেরই প্রথম ম্যারাথন), আবার সেই সাথে ছবি তোলার ফ্যাঁকড়াও থেকে যাচ্ছে। অবশেষে খবর পাওয়া গেল আস্তে আস্তে দৌড় এবং জোরে জোরে হাঁটলেও মেরু ম্যারাথনের নিয়ম ভঙ্গ হবে না!
ব্যস, সবাই এক কাতারে দাড়িয়ে অপেক্ষা করতে থাকলাম রিচার্ডের বাঁশীর। ভেবেছিলাম সবাই আস্তে ধীরে একসাথে দৌড়াবে, কিন্তু কিসের কি! বাঁশী বাজার সাথে সাথেই হাতে গোণা কয়েকজন বাদে বাকিরা এমন ভো দৌড় লাগালো যেন মনে হল প্রথম হতে পারলে টাকা ফেরত দেওয়া হবে! ২০০৭এর ৭ এপ্রিল গ্রিনিচ সময় রাত তিনটা, গ্রীষ্মের মেরু সূর্য তখন বরাবরের মতই আকাশে, তাপমাত্রা হিমাঙ্কের ৩৫ ডিগ্রী সেলসিয়াস নিচে, এমতাবস্থায় শুরু হল জোর কদমে হাঁটা। এর মাঝেই দেখি পাগল দৌড়বিদ খ্যাত আরেক আইরিশ টমাস ম্যাগুয়ের বেশ খানিকটা এগিয়ে গিয়েছে, মাত্র ৩ ঘণ্টা ৩৬ মিনিতে এই কঠিনতম ম্যারাথন সম্পূর্ণ করেই সেই তাবুতে ঘুমাতে চলে গেল আমাদের চক্ষু ছানাবড়া করে দিয়ে।
তার মাত্র ৭ মিনিট পিছনে থেকে দ্বিতীয় হয়েছিল আগের দিন পরিচিত ইতালিয়ান দৌড়বিদ ফ্রানসেসকো গ্যালাঞ্জিনো, অসাধারণ এই মানুষটির মরুভূমি প্রেমিক, এই ম্যারাথনের মাধ্যমে সে এক বছর চার চারটি মরুভূমিতে ম্যারাথন করার বিশ্ব রেকর্ড গড়ল ( শুষ্কতম মরুভূমি চিলির আতাকামা, উষ্ণতম মরুভূমি সাহারা, বায়ুময় মরুভূমি মঙ্গোলিয়ার গোবি এবং শীতলতম মরুভূমি উত্তর মেরু! ), এর মাধ্যমে নানা চ্যারিটি ফান্ডে টাকা তুলে সে নেপালে তিব্বতি শিশুদের একাধিক স্কুলে চালায় নিজ দায়িত্বে। এত দ্রুত দৌড়াচ্ছিল সে যে তার ঘাম জমে বরফ হয়ে গিয়েছিল সবখানেই! চা-পানের ফাঁকে আমাদের খুব উৎসাহ দিয়ে বলল- জীবনের প্রথম ম্যারাথনে এই কঠিন জায়গায় এসেছ, তোমরা খুবই সাহসী। তারপর চোখ মটকে বলল- এটি আসলে আমার জীবনেরও প্রথম ম্যারাথন! ব্যাটা কি আমাদের আবুল পেয়েছে, বললাম- মামু, ১ম ম্যারাথনেই তুমি দৌড়ে প্রথম হতে হতে দ্বিতীয় হয়ে গেলা এটি কি বিশ্বাসযোগ্য! ফ্রানসেসকো কেবল নির্লিপ্ত ভঙ্গীতে বলল- আরে, আমি তো কেবল আলট্রা ম্যারাথন দৌড়ায়, মানে ৩০০ কিলোমিটার, কিন্তু টানা ৬ থেকে ৭ দিন দৌড়াতে হয় তাতে !!
বেশ কজন সত্তর ছুঁই ছুঁই দৌড়বিদ ছিলেন আমাদের সাথে, যারা মনের দিক থেকে সম্পূর্ণ সজীব তো বটেই শারীরিক দিক থেকেও ছিলেন অন্তত আমার চেয়ে অনেক সুবিধার অবস্থানে। দৌড়ের অনেক পরে মেডেল নেবার সময়ে সবচেয়ে বয়জ্যেষ্ঠ সদস্য জার্মানির ইয়ুরগেন আপনা থেকে বললেন এসো ছোকরা একটা ছবি তুলে রাখি, হাজার হলেও আমার বয়স ৬৯ আর তোমার ২৫ হয় নি এখনো!
অসাধারণ এক মানুষ তিনি, সারা জীবনে প্রায় ৩০০র মত ম্যারাথন দৌড়েছেন, সেই নেশাতেই গিয়েছেন বৈকাল হ্রদ, ইনকা ট্রেল, মঙ্গোলিয়া, এভারেস্ট বেশ ক্যাম্প- সবখানেই! বেশ রসিয়ে রসিয়ে বললেন, আরও অ্যাডভেঞ্চার করতে ইচ্ছে করে, কিন্তু বুঝোই তো- আমি সংসারি মানুষ, স্বাধীনতা হারিয়েছি বিয়ের পরপরই!
৬৮ বছরের এক রাশান ভদ্র মহিলাও ছিলেন আমাদের সাথে, জানালেন তিন নাতিনাতনি অপেক্ষা করছে তার প্রত্যাবর্তনের। মেক্সিকান লিওনের সাথে তো রীতিমত বন্ধুত্বই হয়ে গেল দৌড়ের মাঝেই। সারা পৃথিবী থেকেই উড়ে এসেছিল বর্ণময় সব চরিত্র- জীবনকে ভালবেসে, ক্রীড়াকে ভালবেসে।
ম্যারাথনের ফাঁকে ফাঁকে যথেচ্ছ চিনি ঢেলে চা খেলাম একের পর এক, সেই সাথে মাঝে মাঝে বিছানায় শুয়ে বিশ্রামও চলল, আর ছবি তোলার জন্য আমরা পিছিয়ে পড়েছিলাম অনেক।
রিচার্ড শুধু একবার মুচকি হেসে বললেন জানি তোমাদের প্রথম ম্যারাথন, কোন সমস্যা নেই, স্রেফ মাঝপথে ছেড়ে দিও না তাহলেই হবে! না ছেড়ে দিই নি আমরা, ঠিক ১০ ঘণ্টা ৫৯ মিনিট ৪০ সেকেন্ডের মাথায় ইনাম ভাই এবং আমি একসাথেই ছুয়ে ছিলাম তুষার প্রান্তরের সেই মাইল ফলক।
আর ছিলেন উইলিয়াম ট্যান, মাত্র দুই বছরে পোলিও আক্রান্ত হয়ে কোমরের নিচের অংশ অবশ হয়ে যায় তার চিরতরে, পেশায় একজন চিকিৎসক এই সিঙ্গাপুরি ভদ্রলোক অসম্ভব মনোবলের পরিচয় দিয়ে নিজের জন্য বিশেষ হুইল চেয়ারের নকশা প্রণয়ন করেন যার মাধ্যমে তার বহির্বিশ্বে ভ্রমণ অব্যাহত থাকে এবং উত্তর মেরুর ম্যারথনের প্রথম হুইল চেয়ারে অংশগ্রহণকারী হিসেবে ইতিহাসে নাম লেখান।
আমাদের সবার শ্রদ্ধাবনত দৃষ্টির সামনে প্রায় ২৪ ঘণ্টা হিম, তুষার এবং অসাড়তার সাথে যুদ্ধ করে ম্যারাথন শেষ করেন তিনি। এর মাধ্যমে উইলিয়াম প্রায় ২ মিলিয়ন ডলার জোগাড় করে বিশেষ ধরনের হাসপাতালে দান করেন পরবর্তীতে, এর আগেও তিনি ১০ মিলিয়ন ডলার তার এই চেষ্টার মাধ্যমে জোগাড় করে বিভিন্ন দাতব্য প্রতিস্থানে দান করেছেন।
বেশ কঠিন ছিল সেই অভিজ্ঞতা অর্জন, এবং ছিল সাধ্যের প্রায় অতীত ব্যয়বহুল, কিন্তু আজ পিছনে ফিরে তাকালে মনে হয় কি অসাধারণ অভিজ্ঞতাই না হয়েছিল, কত চমৎকার মানুষের দেখা পেয়েছিলাম একসাথে, জীবনের কত বদ্ধ জানালা খুলে গিয়েছিল সেই ঘটনাগুলোতে আর সর্বোপরি ইনাম আল হকের মত একজন জীবন্ত কিংবদন্তীর সাথে একই ম্যারাথনে অংশ নিয়েছিলাম, যা কিনা হয়ে আছে সারা জীবনের সম্পদ।
Onu Tareq ভাইয়ের ওয়াল থেকে নেয়া