27/07/2026
দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–নারিতা–ঢাকা সরাসরি ফ্লাইট। সোমবার (২৭ জুলাই) রাত ২টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট BG376 জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। ফ্লাইটটি একই দিন জাপান সময় দুপুর ১২টা ১৫ মিনিটে নারিতায় পৌঁছানোর কথা রয়েছে।
রুটটি পুনরায় চালুর উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। তারা জাপানগামী যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফিতা কেটে ফ্লাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ভবিষ্যতে এই রুট আর বন্ধ না হয়ে নিয়মিত ও লাভজনকভাবে পরিচালিত হবে বলে সরকার আশা করছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালিত হবে। প্রতি সোমবার ঢাকা থেকে নারিতার উদ্দেশ্যে BG376 এবং একই দিন নারিতা থেকে ঢাকার উদ্দেশ্যে BG377 ফ্লাইট পরিচালনা করা হবে।
সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, পর্যটন এবং জনসম্পৃক্ততা আরও জোরদার হবে। একই সঙ্গে জাপানে বসবাসরত বাংলাদেশি প্রবাসী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের যাতায়াতও আরও সহজ হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১ জুলাই উড়োজাহাজ সংকট, পরিচালনাগত ব্যয় এবং বাণিজ্যিক কারণে ঢাকা–নারিতা রুটের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রায় এক বছর পর রুটটি পুনরায় চালু হওয়ায় বাংলাদেশ ও জাপানের মধ্যে একমাত্র সরাসরি আকাশপথ আবারও সচল হলো।