14/11/2024
বান্দরবান জেলা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের এমন একটি যেখানে সাংস্কৃতিক বৈচিত্র্য সব থেকে বেশি পরিলক্ষিত হয়। এখানে মারমা, ত্রিপুরা, চাকমা, বম, মুরং, ত্রিপুরা, খেয়াং, খুমি, লুসাই প্রভৃতি ক্ষুদ্র জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
কোথাও ঘুরতে যাওয়ার আগে দর্শনীয় স্থান সম্পর্কে জানার পর পরই মাথা আসে বিখ্যাত খাবার এর। যারা সাধারণত ভ্রমণ প্রিয় হন, দেখা যায় তারা ভোজন রসিকও হয়ে থাকেন। ভৌগোলিক কারণ আর নানা উপজাতির বসবাসের জন্য বান্দরবান এর খাদ্যাভ্যাসে দেখা যায় অন্যান্য অঞ্চলের তুলনায় বিপুল পার্থক্য। এই অঞ্চলের স্থানীয়রা রান্নায় ব্যবহার করে তাদের পাহাড়ের গায়ে জন্মানো বিভিন্ন মশলা ও সবজি। তাজা সবজির এবং পাহাড়ি মশলা ব্যবহার করার জন্য খাবার এর স্বাদ বেড়ে যায় হাজার গুণে। বান্দরবান এর বিখ্যাত খাবারগুলোর মধ্যে অন্যতম হলো - চিংড়ি দিয়ে বাঁশ কোড়ল, মুরগি ভর্তা, ব্যাম্বু চিকেন, মুন্ডি, পেপের লাক্সো ইত্যাদি।
- নাপ্পি বা চিংড়ির শুঁটকি দিয়ে কচি বাঁশ কোড়ল হালকা তেল মশলা দিয়ে রান্না করা হয়। মাঝে মাঝে এতে থাকে পাহাড়ি সতেজ বেগুন। নাপ্পি বলতে বিভিন্ন প্রকার এর শুঁটকি দিয়ে এক ধরনের বানানো পেস্ট কে বোঝানো হয়। পাহাড়িরা প্রায় সব খাবারেই নাপ্পি ব্যবহার করতে ভালোবাসেন। নাপ্পি দিয়ে বাঁশ কোড়ল এর স্বাদ আসলেই মুখে লেগে থাকার মতো।
- সাধারণত বাঙালি ভর্তা বলতে পেঁয়াজ, মরিচ, সরিষার তেল থাকবে এমনটাই বুঝি থাকে। মুরগি ভর্তা শুনতেও যেমন ব্যতিক্রম এর রন্ধন প্রণালীও বেশ ব্যতিক্রম। পাহাড়ি বন মোরগ বিভিন্ন মসলা, তেঁতুল দিয়ে সিদ্ধ করা করা হয়। সিদ্ধ হয়ে গেলে মুরগির টুকরোগুলো উঠিয়ে ছাড়িয়ে নিয়ে এতে কাঁচা আদা, পেঁয়াজ, পাহাড়ি ছোট ছোট মরিচ, রসুন ভালোভাবে আধা থেতো করে পিষে নেওয়া হয়। তারপর হালকা সরিষার তেল দিয়ে মেখে নেওয়া হয়। এই ভর্তা একবার খেয়ে আপনি বাসায় চেষ্টা করতে বাধ্য।
- পাহাড়ি মশলা দিয়ে ম্যারিনেট করা পাহাড়ি মুরগি বাঁশের মধ্যে রান্না করা হয় ব্যাম্বু চিকেন। আদি যুগে যখন রান্নার হাঁড়ি পাতিল সহজলভ্য ছিল না, তখন একমাত্র বাঁশই ছিল আদিবাসী দের রান্নার পাত্র হিসাবে ভরসা। বাঁশে প্রচুর পানি থাকার জন্য অনেকসময় নিয়েই রান্না করা যায়। বাধাধরা মুরগি রান্নার চেয়ে এই ব্যাম্বু চিকেন এর স্বাদ ভিন্ন এবং অত্যন্ত সুস্বাদু।
- পাহাড়িরা হাতে তৈরি এক ধরনের নুডুলস খায় যার নাম মুন্ডি। হাতে বানানো এই নুডুলস সিদ্ধ করে বিভিন্ন মসলা, তেঁতুলের টক আর পাহাড়ি ধনিয়াপাতা দিয়ে পরিবেশন করা হয় এই নুডুলস।
*বর্তমানে ঢাকাসহ অন্যান্য জেলায় এইসব খাবার এর বিভিন্ন অঞ্চলে পাওয়া গেলেও প্রকৃত স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই পাহাড়ি অঞ্চল ভ্রমণে যেতে হবেই!