29/04/2026
রোমানিয়া সরকার এক জরুরি অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সুখবর জানিয়েছে। ওই জরুরি অধ্যাদেশ (২৩ এপ্রিল), যা অফিসিয়াল গেজেটে (২৭ এপ্রিল) প্রকাশিত হয়েছে তার মাধ্যমে রাজক্ষমা (এমনেস্টি) কর্মসূচির আওতায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেখানে অনুচ্ছেদ ৫২ অনুযায়ী, নন-ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ থেকে আসা যেসব বিদেশি কর্মী বিভিন্ন কারণে অবৈধ অবস্থায় চলে গেছেন, তাদের জন্য শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) এ তথ্য জানায় বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
বাংলাদেশ দূতাবাস এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। কারণ এর ফলে অবৈধভাবে বসবাসরত বহু বাংলাদেশি কর্মী তাদের অবস্থান বৈধ করার সুযোগ পাবেন।
দূতাবাস জানায়, এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীর বেতন থেকে ট্যাক্স কেটে নিলেও তা সরকারকে জমা দেয় না, অথবা সময়মতো কিংবা সঠিকভাবে টিআরসি আবেদন সম্পন্ন করে না। এর ফলেও অনেক কর্মী অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়েন।
এ প্রেক্ষাপটে, এসব কর্মীকে নতুন আইন শুরুর ৬০ দিনের মধ্যে রোমানিয়া ইমিগ্রেশনে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে এ ক্ষেত্রে তাদের অবশ্যই একটি নতুন ও বৈধ নিয়োগকর্তা খুঁজে নিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধীনে ওয়ার্ক পারমিট সংগ্রহ করে পরবর্তীতে টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে।
দূতাবাস বলছে, যেহেতু এ ব্যবস্থা নতুন, তাই প্রাথমিক পর্যায়ে কিছু জটিলতা দেখা দিতে পারে। সে কারণে প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।