16/09/2026
পর্তুগালে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স কিভাবে এক্সচেঞ্জ করা যায়, সে বিষয়টি অনেকেই জানতে চান।
আজকে পুরো প্রক্রিয়াটা আপনাকে ধাপে ধাপে জানিয়ে দেব।
শুরুতেই জানিয়ে রাখি, লাইসেন্স এক্সচেঞ্জ করতে হলে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের কার্ড থাকতে হবে।
ফটোকপি, ই-ড্রাইভিং লাইসেন্স, সফট কপি, পিডিএফ ফরম্যাট এ ধরনের কোনো কপি দিয়ে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না। এমনকি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের যদি মেয়াদ না থাকে, তাহলে আপনি সেটি এক্সচেঞ্জ এখানে করতে পারবেন না।
ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করার জন্য আপনার পর্তুগালের রেসিডেন্স কার্ড থাকতে হবে এবং সেটিরও মেয়াদ থাকতে হবে।
প্রথম ধাপ
লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে গিয়ে আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটি সত্যায়িত করতে হবে।
দূতাবাসে লাইসেন্স সত্যায়িতের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা:
১। মূল ড্রাইভিং লাইসেন্স এবং এর রঙিন ফটোকপি (একই পাতায়)
২। মূল বাংলাদেশি পাসপোর্ট এবং এর ফটোকপি
৩। পর্তুগিজ রেসিডেন্সি কার্ড এবং এর ফটোকপি
এজন্য দুতাবাসে ফি দিতে হবে ৪০ ইউরো। দুতাবাসে
নগদ অর্থ গ্রহণ করা হয় না। কার্ডে পেমেন্ট করতে হবে।
দূতাবাসে লাইসেন্স সত্যায়িত হতে ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে।
দ্বিতীয় ধাপ:
আপনাকে চোখের পরীক্ষা করে সার্টিফিকেট নিতে হবে।
পর্তুগালের যেকোনো নিবন্ধিত ক্লিনিক, হাসপাতাল কিংবা ড্রাইভিং স্কুলে গিয়ে ড্রাইভিংয়ের জন্য আবশ্যক চোখের পরীক্ষা করতে পারবেন।
প্রয়োজনীয় কাগজপত্র: পর্তুগালের রেসিডেন্ট কার্ড এবং আপনার SNS নম্বর।
খরচ হতে পারে ২০ থেকে ৪০ ইউরো। সময় লাগবে ১ থেকে ২ দিন।
তৃতীয় ধাপ:
এখন আর সরাসরি IMT-এর অফিসে যেয়ে আবেদন জমা দিতে পারবেন না।
আপনাকে আগে IMT এর ওয়েবসাইটে অনলাইন আবেদন জমা দিতে হবে।
অনলাইনে আবেদন করতে ফিন্যান্স নম্বর (NIF) ও পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগইন করে আবেদনপত্র সাবমিট করতে হয়।
অনলাইনে আপনাকে রেসিডেন্স কার্ড, বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স, দূতাবাসের সত্যায়িত কপি এবং মেডিকেল সার্টিফিকেট ও পাসপোর্ট কপি জমা দিয়ে আবেদন করতে হবে।
অনলাইন আবেদনের ফি বাবদ ২৭ ইউরো পেমেন্ট করতে হবে।
আবেদন জমা দেওয়ার পর ২ থেকে ৩ মাস সময় অপেক্ষা করতে হতে পারে। আবেদন অনুমোদন হলে ইমেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে IMT
চতুর্থ ধাপ
IMT থেকে অনলাইনে অনুমোদন পাবার পর আপনাকে IMT অফিসে গিয়ে বায়োমেট্রিক দিতে হবে।
অহেতুক দুরে কোথাও IMT অফিসে যাবার প্রয়োজন নেই। কারণ আপনার অনুমোদন আগেই অনলাইনে হয়ে গেছে। এখন আপনার আশেপাশের যে কোন IMT অফিসে গিয়ে বায়োমেট্রিক দিলেই যথেষ্ট।
এজন্য siga অ্যাপসের মাধ্যেম নিজের পছন্দমত IMT অফিসে এপয়েন্টমেন্ট নিন। নির্ধারিত ডকুমেন্টগুলো (রেসিডেন্ট কার্ড, মূল লাইসেন্স, দূতাবাসের সত্যায়িত কপি, মেডিকেল সার্টিফিকেট এবং IMT-এর অনলাইন আবেদনের কাগজ/পেমেন্টের রসিদ) নিয়ে সশরীরে IMT অফিসে উপস্থিত জমা দিন। এখন আর আপনাকে আর কোন পেমেন্ট করতে হবে না।
সাধারণত ৭ থেকে ১৫ দিনের মধ্যে আপনার ড্রাইভিং লাইসেন্স বাসার ঠিকানায় চলে আসবে। ছুটির দিন বেশি থাকলে ক্ষেত্রবিশেষে ১ মাস সময় লাগতে পারে।