17/08/2017
#ফাইল_ফোল্ডার_যদি_মোছা_না_যায়
কম্পিউটারে কখনো এমন কিছু ফাইল বা ফোল্ডার তৈরি হয়, যেগুলো মুছে (ডিলিট) ফেলা খুব দরকার, কিন্তু মোছা যায় না। ফাইল ডিলিট করা না গেলে সেটি বেশ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে এমন ফাইল ও ফোল্ডারও মোছা যাবে কিছু কৌশল অবলম্বন করলে।
যা করবেন
এটি করতে অবশ্যই কম্পিউটারের কমান্ড প্রম্পট বিষয়ে জানতে হবে এবং ফাইল ফোল্ডারের ডিরেক্টরি সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে cmd লিখুন। এরপর cmd.exe এলে সেটিতে ডান ক্লিক করে Run as administrator নির্বাচন করে খুলুন। কমান্ড প্রম্পটের উইন্ডোকে মিনিমাইজ করে CTRL+ALT+DEL একসঙ্গে চেপে টাস্ক ম্যানেজার চালু করুন। আবার ডেস্কটপের নিচের টাস্কবারে রাইট ক্লিক করে Start Task Manager-এ ক্লিক করে চালু করতে পারেন। কম্পিউটারে explorer.exe ফাইল চালু থাকলে কাঙ্ক্ষিত ফাইল ডিলিট করা যায় না। তাই এটি বন্ধ করতে Process ট্যাবে গিয়ে explorer.exe খুঁজে নিয়ে তাতে ডান ক্লিক করে End Process Tree-তে ক্লিক করুন। একটি বার্তা আসবে, সেটিতে আবার End Process চাপুন। এবার কমান্ড প্রম্পটের উইন্ডোতে ফিরে আসুন। আপনার যে ড্রাইভে ফাইলটি আছে সেটির ডিরেক্টরি এখানে লিখে দিতে হবে। আপনার ফাইলটি যদি D: ড্রাইভে থাকে, তাহলে এখানে cdD: লিখে এন্টার করুন। তাহলে cd কমান্ড প্রয়োগের ফলে D: ড্রাইভে থাকা ফাইলে ঢোকা যাবে। এবার যে ফাইলটি মুছে ফেলতে চান সেটির নাম del d:/ProthomAlo/ComputerProtidin/HelpLine.doc এভাবে লিখে এন্টার করুন। খেয়াল করুন এখানে del সংকেত দিয়ে ফাইল মুছবে আর পরের অংশটি ফাইলের ডিরেক্টরি মানে ফোল্ডার। তাই এখানে আপনার কাঙ্ক্ষিত ফাইলের ডিরেক্টরি বসিয়ে নিয়ে কাজটি সেরে নিন। কোনো ফোল্ডার মুছতে চাইলে RD/S/Q d:/ProthomAlo/ComputerProtidin হুবহু লিখে এন্টার চাপুন।
খেয়াল করুন, সেখানে RD/S/Q ফাইল মুছে ফেলার সংকেত (কমান্ড) আর পরের অংশটি আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারের ডিরেক্টরি। সংকেত লেখায় কোনো ভুল হলে কাজটি সফল হবে না, তাই বুঝে-শুনে প্রয়োগ করুন। কাজটি সফল হলে এবার টাস্ক ম্যানেজারে ফিরে আসুন। এখানে File থেকে New Task (Run…)-এ ক্লিক করুন। Create New Task-এর ঘরে explorer.exe লিখে এন্টার চাপুন। তাহলে এক্সপ্লোরার চালু হয়ে যাবে আর কম্পিউটারের বাকি অন্যান্য কাজ করা যাবে।