31/12/2025
▪️আপনার সুখ প্রমাণ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘লাইক’ / ‘কমেন্ট’ পাওয়ার প্রয়োজন নেই। সবচেয়ে বরকতময় জীবন সেগুলোই, যা আল্লাহর সুরক্ষায় নিরিবিলিতে অতিবাহিত হয়।
▪️আমরা যেন লোকদেখানোর এক অসুস্থ প্রতিযোগিতায় নেমেছি; আর এই প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে থাকতে বেডরুমের খবরকেও সোশ্যাল সাইটে প্রচার করতেও
একবার ভাবছি না।
▪️প্রতিদিন কী খাচ্ছি, পরিবার নিয়ে কোথায় বেড়াতে যাচ্ছি, জীবনে কী কী অর্জন করছি, কীভাবে প্রতিটি আনন্দের মুহূর্ত পার করছি—তা দুনিয়ার সামনে প্রচার করা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
▪️আনন্দ ভাগ করে নেওয়া হারাম নয়, তবে ‘আল-আইন’ (বদনজর) এবং ‘হাসাদ’ (হিংসা)-এর মতো আধ্যাত্মিক সত্যগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা জরুরি।
✅ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: বদনজর সত্য; যদি কোনো কিছু তাকদিরকে অতিক্রম করতে পারত, তবে বদনজরই তা করত।” (সহিহ মুসলিম)
“বদনজর মানুষকে কবরে এবং উটকে হাঁড়িতে (রান্নার পাত্রে) নিয়ে যায়।” (সহিহ আল-জামে)
▪️হিংসাকে শুধু মনস্তাত্ত্বিক ব্যাধি ভাবা ভুল; এটি একটি আধ্যাত্মিক সত্য যা নিয়ামতকে ধ্বংস করে। কারো প্রশংসা বা ঈর্ষা—তা অনিচ্ছাকৃত হলেও—ক্ষতি বয়ে আনতে পারে। মুমিন হিসেবে আমাদের উচিত নিজেদের নিয়ামত বা প্রাপ্তিগুলোর ক্ষেত্রে পরিমিতবোধ ও শালীনতা বজায় রাখা।
▪️আপনার নিয়ামত বা প্রাপ্তিগুলো রক্ষা করবেন যেভাবে:
১. জিকিরের মাধ্যমে সুরক্ষা খুঁজুন: সকাল-সন্ধ্যার দোয়া ও জিকির (আজকার) না পড়ে ঘর থেকে বের হবেন না বা দিন শুরু করবেন না। নিয়মিত সূরা আল-ফালাক এবং সূরা আন-নাস পাঠ করুন।
২. “মা-শা-আল্লাহ তাবারাকাল্লাহ” বলুন: নিজের বা অন্যের কোনো কিছু ভালো লাগলে সঙ্গে সঙ্গে সেটিকে আল্লাহর অনুগ্রহ হিসেবে স্মরণ করুন। এতে সেই নজরে বরকত তৈরি হয় এবং ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।
৩. শেয়ার করার ক্ষেত্রে সতর্ক হোন: আপনার সকল অনুসারীই আপনার শুভাকাঙ্ক্ষী নাও হতে পারে। কেউ হয়তো নিজের জীবনের কঠিন সময় পার করছেন, আর আপনার ‘পারফেক্ট’ জীবনের ঝলক অজান্তেই তার মনে ক্ষোভ বা হাহাকার তৈরি করতে পারে। কী প্রচার করবেন আর কী প্রচার করবেন না, সে বিষয়ে সচেতন হোন।
৪. সাফল্য না আসা পর্যন্ত গোপনীয়তা রক্ষা করুন: নবীজি (সা.) নসিহত করেছেন: গোপনীয়তার মাধ্যমে নিজের প্রয়োজন পূরণে সাহায্য নাও; কারণ প্রতিটি নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিই হিংসার শিকার হয়।” (তাবারানি)
আল্লাহ আমাদের পরিবার, স্বাস্থ্য এবং ঈমানকে প্রতিটি হিংসুক চোখ থেকে রক্ষা করুন। আমিন।