23/08/2026
আল্লামা সাঈদ মোছিলী (রাহঃ) হজ্বে যাচ্ছিলেন। মরু ভূমির উন্মুক্ত ময়দানে বার-চৌদ্দ বছরের এক নাবালেগ ছেলের সাথে তাঁর সাক্ষাৎ হয়। ছেলেটিকে দেখে তাঁর মনে হলো, ছেলেটি বায়তুল্লাহ যাচ্ছে। তিনি ছেলেকে জিজ্ঞাসা করলেন! কোথায় যাচ্ছ? সে জবাবে ‘হজ্বে যাচ্ছি’ এরুপ বলেনি। কারণ, এতে নিজের ইবাদতের দাবী প্রকাশ পায়। তাই সে বলেছে , আমি আমার রব-প্রতিপালকের কাছে যাচ্ছি। আল্লাহু আকবার!
তিনি আবার জিজ্ঞেস করলেনঃ আমি দেখতে পাচ্ছি তোমার ঠোট নড়ছে, কী যেন তুমি পড়তে পড়তে যাচ্ছ, কি পড়ছ? সে জবাবে বলল, আল্লাহর কুরআন পড়তে পড়তে যাচ্ছি। ছোট বাচ্চা এ শিক্ষা কোত্থেকে গ্রহণ করল? মনে হয় তার মা-বাবার কাছ থেকে শিখেছে। এ বয়সে তো সন্তানরা মা-বাবার কাছেই থাকে। এজন্য সেই সন্তান খুবই ভাগ্যবান যার মা-বাবা হজ্ব করে। মা-বাবা যখন ওঠা-বসা, চলা-ফেরায় দ্বীনের অনুশীলনে অভ্যস্ত হয়, নামায পড়ে, কুরআন শরীফ তেলাওয়াত করে, তখন এর চিত্র এবং এ ধারণা-বিশ্বাস, এ মন-মানসিকতা সহজে সন্তানের উপর প্রভাব ফেলে।
যা হোক, সে এক আজীব ছেলে, একা একা যাচ্ছে কিন্তু তার মনে কোন ভয় নেই। প্রশ্ন করলে আজীব আজীব উত্তর দেয়, মনে হয় সে খুব ধার্মিক। এ বয়সে এমন ধার্মিক সাধারণত হয় না। প্রশ্ন করলেন, তুমি কিভাবে ধার্মিক হলে?
জবাবে বলে- আমি আমার নিজের চোখে দেখেছি, আমার চেয়েও ছোট বাচ্চা মৃত্যুর হাত থেকে রক্ষা পায়নি। আমার যে মৃত্যু হবেনা, যৌবন কাল পর্যন্তু যে সময় পাবো, এর কি নিশ্চয়তা আছে? যৌবন কাল আসার আগেই যদি আমার মৃত্যু হয়ে যায় এজন্য সময়কে আগেই কাজে লাগাচ্ছি। মোছিলী সাহেব তাকে জিজ্ঞেস করলেন, তুমি সফরে যাচ্ছ। সফরে গেলে তো সাথে পাথেয় নিয়ে যেতে হয়, তোমার সাথে তো কোন পাথেয় দেখছি না? ছেলে জবাবে বলল, চাচা! আপনাকে কেউ যদি তার বাড়িতে খানা খাওয়ার দাওয়াত দেয় আর আপনি টিফিন কেরিয়ার ভরে খানা নিয়ে যান, তাহলে মেযবান খুশি হবেন, নাকি লজ্জা পাবেন? তিনি বললেন, লজ্জা পাবেন। তখন ছেলে বলল, চাচা! আমি যদি এ সফরে সাথে খানা-পানি নিয়ে যাই তাহলে আল্লাহ পাকের প্রতি অবমাননা হবে কিনা? তিনি বললেন, হ্যাঁ। ছেলে বলল, এজন্যই আমি সাথে কিছু নিচ্ছি না।
আল্লাহু আকবার! কি চিন্তা, কি ভাবনা!