17/04/2019
ঘুরে আসুন ভারতের সবচেয়ে সুন্দর পাহাড়ি শহরগুলো থেকে (পর্ব-১)
প্রকৃতির অপরুপ রুপ বৈচিত্র্যের একটি বৃহৎ অংশ ছড়িয়ে আছে পাহাড়ে-পর্বতে। পাহাড় মানে প্রকৃতির উদারতা আর সৌন্দর্য্যের মিলন। পাহাড় মানে রোমাঞ্চের সমুদ্রে হারিয়ে যাওয়া। পাহাড়ের গাছগাছালির সবুজ-শ্যামলিমা, ঝর্ণার গান, পাখির কলতান, স্ফটিকস্বচ্ছ জলের পাহাড়ী নদীর এঁকেবেঁকে বয়ে চলা কিংবা উপত্যকায় বিচিত্র প্রাণীদের ঘোরাফেরা সবই মনকে উদ্বেলিত করে। এরকম মনোরম কোনো পাহাড়ে সুপরিকল্পিতভাবে যদি কোনো শহর গড়া হয়, তাহলে সেই শহরটিও পাহাড়ের অবারিত রুপের সংস্পর্শে এসে রুপসী হয়ে ওঠে।
বৈচিত্র্যময় ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের দেশ ভারত পাহাড়-পর্বতে দারুণ সমৃদ্ধ। ভারতের এ মাথা থেকে ও মাথা, জম্মু ও কাশ্মীর থেকে তামিল নাড়ুতে ছড়িয়ে আছে হিমালয়সহ ২০টিরও বেশি পর্বতমালা। সেইসব পাহাড়-পর্বতকে ঘিরে ভারতে নির্মিত হয়েছে অসংখ্য শহর। ঔপনিবেশিক শাসনামলে ইউরোপীয় উপনিবেশবাদীরা গ্রীষ্মকালের ভারতের অত্যধিক আর্দ্রতা ও অসহ্য গরম থেকে বাঁচতে পাহাড়ে আশ্রয় নেয়ার কথা ভেবেছিল। এই ভাবনা থেকে তারা পাহাড়ের কোলঘেঁষে শহর বানিয়েছিল। এজন্য ভারতের পাহাড়ি শহরগুলোকে ‘Hill Station‘ বলা হয়। ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য দৃষ্টিনন্দন পাহাড়ও শহর। আজ আমরা পরিচিত হবো সৌন্দর্য এবং জনপ্রিয়তার শীর্ষে থাকা ভারতের এমনি কিছু পাহাড়ি শহরের সাথে।
আমাদের আজকের আয়োজনে থাকছে 'শ্রীনগর: ভূস্বর্গের ভেনিস'
ঝিলম নদীর তীরে অবস্থিত তুষারশুভ্র পর্বতে ঘেরা শ্রীনগর জম্মু ও কাশ্মীরের রাজধানী। শ্রীনগরের মোহনীয় সৌন্দর্যের কারণে এটি হয়ে উঠেছে ভারতের অন্যতম জনপ্রিয় পাহাড়ি শহর। শ্রীনগরের প্রধান আকর্ষণ অপূর্ব সুন্দর ডাল লেক। লেকের জলে দেখা মেলে কাশ্মীরী ঐতিহ্যের অনন্য নিদর্শন ‘শিকারা’র ।
শিকারা কাঠের তৈরী, বিচিত্র আকৃতির ও দারুণভাবে সজ্জিত বিশেষ এক ধরনের নৌকা। ডাল লেকের জলে ভেসে বেড়ানো শিকারা শ্রীনগর ও কাশ্মীরের প্রতীক হয়ে উঠেছে। সূর্যাস্তের সময় ডাললেক শ্বাসরুদ্ধকর সৌন্দর্যের অবতারণা করে। ডাল লেক ও নাগিন লেকে দেখা মেলে ভাসমান সবজি বাজারের।
শ্রীনগরের আরেকটি বিখ্যাত দর্শনীয় স্থান হচ্ছে মোঘল বাগান। সবুজ লন, উজ্জ্বল রঙের ফুলের বেড আর উচ্ছল ঝর্ণায় সজ্জিত তিনটি মোঘল বাগান রয়েছে- নিশাত বাগ, শালিমার বাগ ও চাশমাশাহী বাগান। রয়েছে জামিয়া মসজিদ, হযরতবল মাজার সহ অসংখ্য দৃষ্টিনন্দন স্থাপনা। বরফে মোড়ানো পাহাড়, অপরুপ গাছগাছালি ও ফুলের সমারোহ, অনিন্দ্যসুন্দর স্থাপনা- সব মিলিয়ে শ্রীনগরে গেলে আপনার মনে হবে আপনি সত্যিই পৃথিবীতে স্বর্গের দেখা পেয়েছেন!
(সংগৃহীত)