09/09/2025
১৩টি ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে।
বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৯-এর বিধান, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধি ১০ ও ১৫ লঙ্ঘন এবং নিবন্ধন সনদের গুরুত্বপূর্ণ শর্তাবলি লঙ্ঘন করায় জনস্বার্থে ভোক্তা অধিকার সুরক্ষা ও আকাশ পরিবহনখাতে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে আইন ও বিধি-বহির্ভূত কার্যক্রমে সম্পৃক্ততার জন্য কাজী এয়ার ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেড, সিটিকম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি (প্রা.) লি., আরবিসি ইন্টারন্যাশনাল, মেঘা ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস, মাদার লাভ এয়ার সার্ভিস, জে এস ট্রাভেল এন্ড ট্যুরস, হাসেম এয়ার ইন্টারন্যাশনাল, ফোর ট্রিপ লিমিটেড, কিং এয়ার এভিয়েশন, বিপ্লব ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্ট, সাদিয়া ট্রাভেলস, আত-তাইয়ারা ট্রাভেলস ইন্টারন্যাশনাল ও এন এম এস এস ইন্টারন্যাশনালসহ মোট ১৩টি ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও নিবন্ধন কর্তৃপক্ষ এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত পৃথক আদেশে ট্রাভেল এজেন্সিগুলোর নিবন্ধন বাতিল করা হয়।
আকাশপথের যাত্রীসাধারণের স্বার্থ সংরক্ষণার্থে সরকার কর্তৃক বার বার সতর্কবার্তা পাঠানোর পরেও যেসব ট্রাভেল এজেন্সি, জিডিএস, জিএসএ বা এয়ারলাইন্স সিন্ডিকেটের মাধ্যমে টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত মুনাফা অর্জনের সাথে সম্পৃক্ত থাকবে তাদের বিষয়ে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে। বর্ণিত ট্রাভেল এজেন্সিসমূহ থেকে কোনো প্রকার এয়ার টিকিট ক্রয়-বিক্রয়সহ ব্যবসায়িক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।