22/07/2026
এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করেছে সৌদি আরবের হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন এই ভিসার মাধ্যমে এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করে ওমরাহ পালন করা যাবে। তবে মোট অবস্থানের মেয়াদ সর্বোচ্চ ৯০ দিন।
সৌদির নতুন ভিসাটি ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন ভিসাধারীরা। এর লক্ষ্য হলো ওমরাহযাত্রীদের যাতায়াত সহজ করা, সেবার মান উন্নত করা এবং হজযাত্রীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করা।
তবে প্রতিবার ওমরাহ পালনের আগে ভিসাধারীদের নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে একটি সার্ভিস প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার চেয়ে বেশি হতে পারবে না। পাশাপাশি সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহর অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করতে হবে। প্রতিবার সৌদি আরব ত্যাগের পর ভিসাটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হবে। পরবর্তী সফরের শর্ত পূরণ হলে আবার সক্রিয় করা হবে।
তবে হজ্ব মৌসুমে, অর্থাৎ জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা কার্যকর থাকবে না।