19/02/2025
সম্প্রতি ঘটে যাওয়া কুয়েটের ঘটনা নিয়ে মির্জা গালিবের আরেক ফেসবুক পোষ্টঃ
১। গত পনের বছর খালেদা জিয়া যখন ফ্যাসিস্ট হাসিনার জুলুমের স্বীকার হয়েছিলেন, ভুয়া মামলায় জেল খেটেছেন - তখন ছাত্রদল কি আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে পেরেছিল? আওয়ামীলীগের বিপক্ষে কোন বড় আন্দোলন যেইটা সরকারকে নাড়া দিতে পারবে- এমন কোন আন্দোলন কি করতে পেরেছিল ছাত্রদল? যদি না হয়, তাইলে ছাত্রদলের পেশীশক্তি বিএনপির আলাদা করে কোন কাজে লাগে? বিরোধী দলে থাকা অবস্থায়ই যদি পেশীশক্তি কাজে না লাগে, তাইলে অন্য সময় এর উপযোগিতাতো আরো কম।
২। জুলাই অভ্যুত্থানের পর বিএনপি এখন বাংলাদেশের সবচাইতে বড় দল। স্বাভাবিক হিসাবে আগামী নির্বাচনে বিএনপিরই জেতার কথা। অন্তর্বর্তী সরকারের অধীন এই নির্বাচনে জিততে বিএনপির আলাদা করে পেশীশক্তির প্রয়োজন নাই। বিএনপি যদি তার স্বাভাবিক ভোটারদের ধরে রাখতে পারে, তাইলেই নির্বাচনে জিতবে। এই পরিস্থিতিতে ছাত্রদলের পেশীশক্তি দেখাইয়া ক্যাম্পাসে ক্ষমতা দেখানোতে বিএনপির কোন রাজনৈতিক লাভ তো দেখি না। বরং তরুণ প্রজন্মের সাথে বিএনপির দূরত্ব আরো বাড়বে। ছাত্রদল বিএনপির জন্য সম্পদ না হয়ে বোঝা হয়ে যেতে পারে।
৩। এই নির্বাচনে জিতে ক্ষমতায় যাওয়া বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ না। বিএনপির জন্য চ্যালেঞ্জ হইল ক্ষমতায় গিয়ে পাঁচ বছর সরকার ঠিকমত চালানো; গণঅভ্যুত্থানের পরে মানুষের যে নতুন আকাঙ্ক্ষা সেইটা মিটানো; একটা নতুন প্রজন্ম যারা পলিটিকাল হয়ে বড় হইতেছে তাদের নেতৃত্ব দেয়া। পুরাতন আমলের পেশীশক্তি বেইজড ছাত্রদল দিয়ে কোনভাবেই সেই কাজ হবে না। বিএনপির তাই ছাত্রদলের কাঠামো আর কাজ বদলানোর দিকে মনোযোগ দেয়া উচিত।
৪। বিএনপির উচিত ছাত্রদলকে নির্বাচনী প্রচারণার জন্য কাজে লাগানো। কোন কাজে ব্যস্ত না রাখলে আকামই করবে। বিএনপি বিশেষ করে অনলাইনে ৩১ দফার পক্ষে প্রচারণা করার দায়িত্ব ছাত্রদলকে দিতে পারে। এখনকার নির্বাচনে অনলাইন প্রচারণা বিশাল ভূমিকা পালন করবে।আলাদা আলাদা টিম করে দিলে যেই টিমগুলো ভাল করবে, তাদের লিডারদের পরে ধীরে ধীরে নেতৃত্বে নিয়ে আসার একটা সুযোগ তৈরি হবে। এর ফলে কনস্ট্রাকটিভ কাজে প্রতিযোগিতার মাধ্যমে নেতৃত্ব তৈরির একটা সিস্টেম তৈরি হবে।
৫। পেশীশক্তি দেখাইয়া যদি ক্যাম্পাসে টিকে থাকাই যাইত, তাইলে আওয়ামীলীগ ক্ষমতায় থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারির রুম পুড়ত না। হাসিনার পতনের আগেই কিন্তু ছাত্রলীগের পতন হইছিল। ৯০ এর দশকের রাজনীতিতে পেশীশক্তি ওয়ালা ছাত্র সংগঠন ছাড়া ক্ষমতায় টিকে থাকা কঠিন ছিল। এখন ২০২৫। সেই পুরানা মডেল আর কাজ করতেছে না। বিএনপি আর ছাত্রদল এইটা যত তাড়াতাড়ি বুঝবে ততই জাতির মঙ্গল।