06/02/2023
নির্জন সমুদ্র সৈকতে বসন্ত উৎসব:-
৬ ই মার্চ: লালগঞ্জ গ্রামে আমাদের অস্থায়ী বাসস্থান কমিউনিটি সেন্টারটি তে পৌঁছানোর পরে একটু ফ্রেশ হয়ে আমরা দুপুরের খাবার সেরে নেব। এরপর এখান থেকে টোটো করে আমরা পৌঁছে যাব প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত আমাদের গন্তব্যস্থল সেই অজানা সাদা বালির সমুদ্র সৈকত লালগঞ্জ বিচে। এখানে পৌঁছেই আমরা বেরিয়ে পড়বো মোটর ভ্যানে করে বিচের ওপর ঘুরতে। সাদা বালির ওপর লাল কাঁকড়াদের ছুটোছুটি দেখতে দেখতে আমরা পৌঁছে যাব বিচের একদম শেষ প্রান্তে যেখানে সমুদ্র থেকে একটি খাঁড়ি প্রবেশ করেছে, রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে আসবো আমাদের বিচস্টে তে। মোটর ভ্যানে করে বিচের ওপর এই সম্পূর্ণ যাত্রাটি প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ। সন্ধ্যে হতেই ন্যাড়াপোড়ার মাধ্যমে শুরু হবে বসন্ত উৎসবের সূচনা। লালগঞ্জ বিচে আমাদের আস্তানা ঘরে বাইরে লালগঞ্জ বিচস্টে তে পুকুরের পাড়ে বসে আড্ডা মেরে হইহাল্লা করে আমরা কাটিয়ে দেবো গোটা সন্ধ্যাটা। রাতে ডিনার খেয়ে আমরা আবার ফিরে যাবো টোটো করে সেই কমিউনিটি সেন্টারে রাত্রিবাসের জন্য।
৭ই মার্চ, 2023:
আজ দোল পূর্ণিমা। তাই সকালের জলখাবার খেয়েই আবার আমরা পৌঁছে যাব লালগঞ্জ বিচে। বিচের ওপর, ঝাউবনের মধ্যে, বিচস্টে র প্রাঙ্গনে শুরু হয়ে যাবে আবির খেলা। ফাগুনের রঙে নিজেদের রাঙিয়ে নিয়ে শুরু হবে আমাদের বসন্ত উৎসব। নাচ, গান, কবিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কেটে যাবে গোটা সকালবেলাটা। ইচ্ছে হলে জোয়ারের সময় সমুদ্রের জলে একটু স্নানও করে নেওয়া যেতে পারে। দুপুরের লাঞ্চ খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়বো এক অ্যাডভেঞ্চার ট্রেক করতে। মাঠঘাট, ঝাউবনের মধ্যে দিয়ে হেঁটে আমরা এসে পৌঁছব একটি ছোট্ট খালের ধারে। খালের ওপর একটি সরু বাঁশের তৈরি সাঁকো পার করে আমরা এসে পৌছাবো ঘন ঝাউবনের মধ্যে। কিছুক্ষণ ঝাউবনের মধ্যে লুকোচুরি খেলে আবার গিয়ে পড়বো সেই নির্জন সৈকতে। বিচের উপর কিছুক্ষণ সময় কাটিয়ে বিচ ধরে হেঁটে আমরা ফিরে আসবো আমাদের বিচস্টে তে। সন্ধ্যে হতেই জ্বলে উঠবে ক্যাম্পায়ারের আগুন। সাথে চলবে নাচ, গান, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান। ডিনারের পরে আবার আমরা চলে যাব কমিউনিটি সেন্টারে রাত্রিবাসের জন্য।
৮ই মার্চ, ২০২৩:
আজ বাড়ি ফেরার পালা। সকালের জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। মন একটু ভারাক্রান্ত হলেও এক গ্রাম্য পরিবেশে নির্জন সমুদ্র সৈকতে বসন্ত উৎসবের স্মৃতি সেই মনকে সতেজ করে তুলবে।