16/07/2020
ঐতিহাসিক জনপদ বুঁদি
আরাবল্লী পাহাড় ঘেরা ঐতিহাসিক শহর বুঁদি। বুঁদির ন্যায় সুন্দর গিরিবত্ন এই ভূ-ভারতে আর আছে কিনা সন্দেহ। বুঁদির উত্তর-পশ্চিম অংশ জুড়ে খাঁজকাটা বিন্ধ্যাচল আর দক্ষিণে প্রহরী হয়ে রয়েছে তারাগড় দুর্গ। ১৫৫৩ সালে নির্মিত এই দুর্গটি বুঁদির প্রধান আকর্ষণ। দুর্গের অভ্যন্তরে একে একে দেখে নেওয়া যায় রঙ্গ বিলাস, দেওয়ান ই আম, চিত্রমহল প্রভৃতি। চিত্রমহলে রাজপুত ঘরানার অনেকগুলি নয়নাভিরাম রঙিন ফ্রেসকো চিত্র আর ম্যুরাল চিত্র রয়েছে। এগুলির মধ্যে রাধা কৃষ্ণের রাসলীলা ছবিটি অনবদ্য। চিত্রমহলের নিচে রতন সিংয়ের তৈরি রতন দৌলত অর্থাৎ অট্টালিকা। কর্নেল টড এই অট্টালিকাকে রাজস্থানের সবচেয়ে সুন্দর প্রাসাদ বলে অভিহিত করেছেন। দুর্গ থেকে নওয়ালসাগর লেক আর তার একটি দ্বীপে বরুণদেবের মন্দির দৃশ্যমান। লেকের পশ্চিম পাড়ে হস্তী দন্ত ও চন্দন কাঠে শো ভিত ফুলসাগর প্যালেসটি রাজস্থান স্থাপত্যের অনবদ্য নিদর্শন। এছাড়াও বুঁদি ভ্রমণে একে একে দেখে নিন বুঁদি রাজপরিবারের ছত্তিশ, রাজা ছত্রশালের স্মৃতিস্তম্ভ, রানীজি কি বাউড়ি প্রভৃতি
কিভাবে যাবেন
কোটা থেকে বুঁদির দূরত্ব ৩৮ কিমি। কোটা বাস স্ট্যান্ড থেকে আধা ঘন্টা অন্তর বাস ছাড়ছে বুঁদির উদ্দেশ্যে। নিজেদের উদ্যোগে গাড়ি ভাড়া করেও চলা যায়।
কোথায় থাকবেন
বুঁদিতে রাত্রিবাসের জন্য রয়েছে বুঁদি হাউস, ভাড়া ১০০০-১৮০০ টাকা, যোগাযোগ- ৯৮২৮২৮৪৩৪৮। হাভেলি তারাগড় প্যালেস, ভাড়া ৮০০-১৫০০ টাকা, যোগাযোগ- ৯৯৫০০৯৬৪৪৭। হোটেল দেব নিবাস, ভাড়া ৯০০-৪৫০০ টাকা, যোগাযোগ-৭০৭৩০০০৩৭৮। হোটেল দৌলত নিবাস, ভাড়া ৫০০-৮০০ টাকা, যোগাযোগ- ০৭৭২৬৯৭৪১০৮। নওয়াল সাগর প্যালেস, ভাড়া ২০০০-৩০০০ টাকা, (প্রাতরাশ সহ), যোগাযোগ-৯৮২৯২৪৬৫৪১।