06/02/2026
শারদীয়া ইয়োরোপ ট্যুর
যদিও আমি প্যাকেজ ট্যুরের চেনা ছকের বাইরে গিয়ে নতুন কিছু করতে ভালবাসি আমার এতদিনের অভিজ্ঞতা থেকে দেখেছি আমার বেশীরভার ক্লায়েন্ট এই পরিচিত বৃত্তের বাইরে বেরোতে স্বচ্ছন্দ বোধ করেন না। আর এটাও দেখেছি যে বেশীর ক্লায়েন্ট গরমের ছুটি বা পুজোর ছুটির বাইরে সময় বের করতে পারেন না। তাই এবছর পুজোর ছুটির জন্য আমি আগে থেকেই তিনটে ট্যুর প্ল্যান তৈরি করে রাখলাম। আমি জানি বেশীরভাগ ক্লায়েন্ট এই ট্যুরটাই খুঁজবেন।
এটা মেনে নিতেই হবে যে যারা প্রথম বারের জন্য ইয়োরোপ যাচ্ছেন, ভবিষ্যতে আর হয়ত কখনো যাবেন না, তাদের পক্ষে ফ্রান্স, সুইৎজারল্যান্ড আর ইতালির মোহ ত্যাগ করা মুশকিল। তাই যারা টোটো কোম্পানীর আয়োজনে পুজোর ছুটিতে ইয়োরোপ যেতে চান তাদের এই তিনটে দেশকে মিলিয়ে এই তিনটে ট্যুর, মানে Plan A, B আর C, এর মধ্যে একটা বেছে নিতে হবে। কেউ চাইলে, এবং বাজেট আর ছুটি সহযোগিতা করলে, এই ট্যুরের আগে বা পরে অতিরিক্ত কোনো জায়গা জুড়তে নিতে পারেন। পুজোর আগে বা পরে যারা বেড়াতে যাবেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। আমার পুরোনো ক্লায়েন্টদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য নয়।
১) আমাকে যোগাযোগ করার আগে ফেসবুক পেজটা ভাল করে পড়বেন এবং আমার কাজের পদ্ধতি আর নিয়মকানুন বুঝে নেবেন। ভাবনাচিন্তা পেরিয়ে ট্যুর বুক করার মতো পরিস্থিতি এলে তবেই যোগাযোগ করবেন।
২) প্রথমেই দেখে নিন প্রত্যেকের পাসপোর্টের ভ্যালিডিটি অন্ততপক্ষে ২০২৭ এর জুলাই মাস পর্যন্ত আছে কিনা। না থাকলে নতুন পাসপোর্টের জন্য আবেদন করুন।
৩) মাথাপিছু বাজেট অন্ততপক্ষে তিন লাখ হলে তবেই যোগাযোগ করুন। লম্বা ট্যুরের বাজেট আরো বেশী হবে। আসল খরচ এর থেকে কিছুটা কম হলেও হতে পারে, কিন্তু বাজেট এর চেয়ে কম হলে কাজ নেওয়া যাবে না।
৪) আপনার প্রকৃত আয় যাই হোক না কেন, ITR অনুযায়ী বার্ষিক উপার্জন অন্ততপক্ষে দশ লাখ হওয়া চাই। যে সমস্ত ব্যবসায়ী শুধুমাত্র ক্যাশে লেনদেন করেন, ব্যাংকের মাধ্যমে নয়, তাদের কাজ নিতে পারব না।
৫) Savings Account এ মাথাপিছু অন্ততপক্ষে তিন লাখ টাকা জমা রাখবেন। এই কাজটা মার্চ মাস থেকেই শুরু করবেন এবং আস্তে আস্তে টাকার পরিমান বাড়াতে থাকবেন।
৬) যারা এর আগে কখনো বিদেশ ভ্রমণ করেননি তারা ইয়োরোপ ট্যুরের জন্য যোগাযোগ করবেন না। তারা আগে অন্য কয়েকটা দেশ ঘুরে Travel History তৈরী করুন।
৭) পয়লা বৈশাখ, মানে ১৫ই এপ্রিল থেকে পুজোর ট্যুরের বুকিং শুরু হবে। ইচ্ছুক ব্যাক্তিরা ১৫ই মার্চের মধ্যে জানিয়ে রাখবেন। যত দেরীতে শুরু করবেন তত খরচ বাড়বে।