23/08/2026
আমি আসছি আপনি আসছেন তো!
আগামী ২৬ আগষ্ট ১২ রবিউল আউয়ালে ঢাকায় আন্তর্জাতিক শান্তি সম্মেলন—সোহরাওয়ার্দী উদ্যানে মিলবে দেশ-বিদেশের আলেম-সুফি-স্কলাররা
ঢাকা প্রতিনিধি:
পবিত্র ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে “গ্র্যান্ড ঈদে মিলাদুন্নবী (দ.) অ্যান্ড ইন্টারন্যাশনাল পিস কনফারেন্স ২০২৬”। আগামী ২৬ আগস্ট ২০২৬, বুধবার সকাল ৮টা থেকে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পবিত্র জন্ম ও রিসালাতের স্মরণে আয়োজিত এ সম্মেলনে নবীপ্রেম, মানবতা, সম্প্রীতি, শান্তি ও ইসলামের সার্বজনীন মূল্যবোধ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
সম্মেলনে সভাপতিত্ব করবেন মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, আন্তর্জাতিক ইসলামিক সুফি স্কলার শাহ সুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভাণ্ডারী (ম.জি.আ.)।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের একাধিক আলেম, ইসলামিক স্কলার ও বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ বক্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন—শেখ প্রফেসর ড. মুহাম্মদ এলহিসেইনি, শেখ প্রফেসর ড. মোহাম্মদ লাখদার দেরফৌলি, শেখ ফয়সাল হামিদ আবদুর-রাজ্জাক, শেখ খালিদ হাসান বাজ্জু, শেখ প্রফেসর ড. ইয়োস্তি রোশদি সায়েদ গাবর আল-হাসানি, শেখ প্রফেসর ড. মোহাম্মদ ওমর সায়িদ, শেখ মোহাম্মদ আল-মাগরিবি, শেখ প্রফেসর ড. আবদুল নাসের শামসিন, শেখ আল রাশেদ আবদুল্লাহ হামাদ, শেখ সিদিয়ালি মাইনালেইনি, শেখ সাফওয়ান (মোহাম্মদ রিদা) আল সিদ্দিক, শেখ মোহাম্মদ রেজা বিন আবদুল লতিফ আল-মাকদৌমি, বিনইয়াহ্যা জায়েদ আবদুল রহমান হুসেইনি, শাহজাদা সৈয়দ মেহবুব মাইনুদ্দীন এবং সৈয়দ মাসবুক মাইনুদ্দীনসহ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে মহানবী (দ.)-এর আদর্শ ও মানবতার প্রতি তাঁর অসামান্য অবদান, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইসলামের শিক্ষা, পারস্পরিক সম্প্রীতি এবং মানবকল্যাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে সুফিবাদ ও আধ্যাত্মিকতার মাধ্যমে সমাজে শান্তি, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার গুরুত্বও তুলে ধরা হবে।
অনুষ্ঠানটি আয়োজন করছে আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া।
আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমান, আলেম-ওলামা, সুফি-শায়খ, ইসলামিক স্কলার, মাইজভাণ্ডারী ভক্ত-অনুরাগী ও শান্তিকামী মানুষ এ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবেন।
ঈদে মিলাদুন্নবী (দ.)-এর পবিত্র চেতনায় নবীপ্রেম, মানবিকতা ও বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ সম্মেলন রাজধানীতে একটি বৃহৎ আন্তর্জাতিক ধর্মীয় ও আধ্যাত্মিক সমাবেশে পরিণত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা