12/05/2020
যাত্রা শুরু যখন যুক্তরাষ্ট্র থেকে
বড়দিনের ছুটি এল বলে। যুক্তরাষ্ট্র প্রবাসী অনেকেই পরিবার পরিজনের সাথে ছুটি কাটাতে বাংলাদেশে আসতে শুরু করেছেন। কিন্তু দেশের মাটিতে পা ফেলেই তাদের অনেকের মন খারাপ হয়ে যায়। কারণ এয়ারপোর্টে বেল্ট থেকে লাগেজ বুঝে পেয়েই তাঁরা আবিষ্কার করেন যে লাগেজে বাড়তি সতর্কতা হিসেবে লাগানো দেশীয় প্রযুক্তির টিপ তালাখানি হাওয়া। তড়িঘড়ি করে লাগেজ খুলে দেখেন- ভিতরের জিনিসপত্র হাতড়ানোর সুস্পষ্ট প্রমাণ বিদ্যমান। সেইসঙ্গে আত্মীয় স্বজনদের জন্য উপহার হিসেবে আনা অনেকগুলি পারফিউম, বডি স্প্রে ও কসমেটিক্স এর কৌটা উধাও। মনের কষ্ট চেপে বেশিরভাগ প্রবাসীরাই বাড়ির পথে পা বাড়ান। তবে অনেকে এসময় এপিবিএন অফিস বা এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ ঘেটে দেখা যায় যে এয়ারক্রাফট থেকে নামিয়ে আনা তালাবদ্ধ কন্টেইনারের তালা লোডাররা ক্যামেরার সামনেই খুলছেন৷ পাশেই দায়িত্বরত এপিবিএন সদস্যও সেদিকে নজর রাখছেন। লোডাররা যথানিয়মে লাগেজগুলি কন্টেইনার থেকে বের করে বেল্টে দিয়ে দিচ্ছেন। শত শত পিস লাগেজের মধ্যে কিছু লাগেজের তালা কাটা, লাগেজ খুলে ভিতরে হাতড়ানো এবং সেখান থেকে কসমেটিক্সের কৌটা অপসারণের কোন আলামতই দেখা যায় না। তাহলে সমস্যাটা কোথায়?
এ সমস্যার শুরু যুক্তরাষ্ট্রের মাটিতেই। Transportation Security Administration (TSA) যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। ২০০১ সালে সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে এ সংস্থার সৃষ্টি। এদের একটি বেশ বড়সড় “Prohibited Items” এর লিস্ট আছে। কোন যাত্রীর লাগেজে এই জিনিসগুলি নির্ধারিত মাত্রা বা সংখ্যার বেশি থাকলে তারা সেগুলি সরিয়ে ফেলে- তাদের আইনানুসারে। সেরকম কোন জিনিস সরাতে গেলে লাগেজ খুলতে হয়; আর বিপত্তিটাও বাঁধে তখনি। লাগেজ এবং লক “TSA Approved” হলে মাস্টার কী ব্যবহার করে তারা সেটি খুলতে পারে। কিন্তু তা না হলে লক ভেঙে বা কেটে ফেলা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে “Prohibited Items” সরিয়ে একটা ‘স্লিপ’ বা ‘নোটিশ’ লাগেজে রেখে দেয়া হয়। আমাদের দেশীয় লাগেজ এবং তাতে লাগানো দেশীয় প্রযুক্তির টিপ তালা তাই সেই বিধানের সহজ শিকার। উল্লেখ্য যে, চেক ইনের পর এবং এয়ারক্রাফটে তোলার আগে লাগেজ স্ক্যান করে এ কাজগুলি করা হয়, যখন যাত্রী লাগেজের পাশে উপস্থিত থাকেন না।
যুক্তরাষ্ট্রের প্রবাসীদের প্রতি তাই আমাদের অনুরোধঃ
১। লাগেজ গোছাবার আগে TSA এর ওয়েবসাইট tsa.gov তে একটু সময় দিন।
২। লিস্ট দেখে লাগেজ প্যাক করুন। যেমন পারফিউম বা শ্যাম্পু তাদের অনুমোদিত সীমার বেশি থাকলে অপসারিত হতে পারে।
৩। TSA Approved লাগেজ ও লক ব্যবহার করুন। আমাদের দেশীয় প্রযুক্তির টিপ তালা কোন অবস্থাতেই ব্যবহার করা যাবে না। সেরকম তালা পেলেই ওরা কেটে ফেলবে।
অন্যদেরও জানা প্রয়োজন যে যুক্তরাষ্ট্রের মত অন্য অনেক দেশেও TSA এর অনুরূপ কতৃপক্ষ এবং অনুরূপ বিধান থাকতে পারে। ঐ কতৃপক্ষ কী কী আইটেম, কী পরিমাণে লাগেজে বহন করতে যাত্রীকে এলাও করে তা জেনে নিন৷
ছবি ১ঃ আমাদের বঙ্গদেশীয় টিপ তালা, যা TSA কেটে ফেলে।
ছবি ২ঃ TSA Approved লক এর নমুনা, যা তারা মাস্টার কী দিয়ে খুলে সিকিউরিটি চেক করতে পারে।
ছবি ৩ঃ লাগেজের তালা কাটা, ভিতরে হাতড়ানো এবং ক্ষেত্রবিশেষে কোন আইটেম অপসারণ করার পর TSA যে স্লিপটি লাগেজে রেখে দেয়। উল্লেখ্য যে, কী কী আইটেম তারা অপসারণ করেছে তা তারা উল্লেখ করে না।
Federal government websites often end in .gov or .mil. Before sharing sensitive information, make sure you’re on a federal government site.