27/08/2025
শাপলা ফুল নির্ভর সাতলা গ্রামের জীবিকা
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামে অবস্থিত শাপলা বিল। এই বিল অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারাদেশে পরিচিত। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এই ছোট্ট গ্রামটি বিশেষভাবে খ্যাতি লাভ করেছে বিলজুড়ে ফোটা লাল, সাদা ও গোলাপি শাপলা ফুলের জন্য। স্থানীয়ভাবে ‘সাতলার শাপলা বিল’ নামে পরিচিত।
বিলের শাপলা ফুলের মনোমুগ্ধকর দৃশ্য শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং জীবন্ত চিত্রকর্মের মতো। বর্ষা এবং শরতে বিলে শাপলা ফুলের সমারোহ চোখে পড়ে। বিস্তীর্ণ জলরাশির মধ্যে অগণিত শাপলা ফুলের খেলা, যেখানে লাল, সাদা ও গোলাপি রঙের ফুলগুলো প্রকৃতির রূপ ফুটিয়ে তোলে।
নৌকায় চড়ে বিলের শাপলা ফুলের মাঝ দিয়ে ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা। যা যান্ত্রিক শহরের কোলাহল থেকে মুক্তি এনে প্রকৃতির সঙ্গে একাত্ম করে তোলে। যেন মনে হয়, নীল জলের বুকে লাল-সাদা ফুলের আল্পনা কিংবা প্রকৃতির নিজ হাতে আঁকা এক অপরূপ ছবি।
সাতলা গ্রামের মানুষের জীবিকা এবং সংস্কৃতির সঙ্গে শাপলা ফুলের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। স্থানীয় বাসিন্দারা বিলে শাপলা সংগ্রহ করে তা বাজারে বিক্রি করে থাকেন। শাপলা ফুল শুধু সৌন্দর্য নয়, এটি খাদ্যশস্যও। যা বিভিন্ন রকম পুষ্টিকর খাবার হিসেবে ব্যবহৃত হয়। শাপলার মূল (যা মাখনা নামে পরিচিত) দিয়ে তৈরি করা হয় সুস্বাদু খাবার, যা স্থানীয়ভাবে অত্যন্ত জনপ্রিয়।
Shapla Bill-শাপলা বিল